শীতের সকালে হৃদরোগের ঝুঁকি কেন বাড়ে? সতর্ক থাকুন এই বিষয়গুলিতে

শীতকালে তাপমাত্রা কমলে শরীরের তাপ ধরে রাখতে হাত-পায়ের রক্তনালিগুলি সংকুচিত হয়ে যায়। এর ফলে রক্ত চলাচলের পথ সরু হয়ে রক্তচাপ বেড়ে যেতে পারে, যা হার্টের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এছাড়া ঠান্ডায় শরীরের স্নায়ুতন্ত্র অধিক সক্রিয় হয়ে ওঠায় হৃৎস্পন্দন বেড়ে যায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতাও বৃদ্ধি পায়। যাদের আগে থেকেই ধমনিতে ব্লক বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই পরিস্থিতি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে।
ভোরবেলায় হার্ট অ্যাটাকের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। ঘুম থেকে ওঠার পর শরীরে রক্তচাপ, হৃৎস্পন্দন এবং স্ট্রেস হরমোনের মাত্রা আচমকা বেড়ে যায়। এই সময়ে রক্ত জমাট বাঁধার প্রবণতাও বেশি থাকে। ঘুম থেকে উঠেই ঠান্ডা পরিবেশে দ্রুত হাঁটাচলা বা ভারী কাজ শুরু করলে হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই ঘুম থেকে ওঠার পর শরীরকে স্বাভাবিক হওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন।
বয়স্ক ব্যক্তি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা বা হার্টের পুরনো রোগী এবং ধূমপায়ীদের শীতকালে বিশেষ সতর্ক থাকা জরুরি। যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে বা স্টেন্ট ও বাইপাস সার্জারি হয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ মেনে চলা আবশ্যক। শীতের সকালে শরীর গরম রাখতে পর্যাপ্ত পোশাক পরুন এবং নিয়মিত রক্তচাপ ও সুগার পরীক্ষা করুন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম বা মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।