ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় ভারতীয় যোগসূত্র খুঁজছে এনআইএ

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় ভারতীয় যোগসূত্র খুঁজছে এনআইএ

ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের ওপর হামলা এবং বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তদন্তে নামল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দুবাই থেকে তেল আভিভগামী ওই বিমানে ওমানি কো-পাইলট হামাম-আল হাম্মামি ভারতীয় পাইলটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন। তদন্তকারীদের মতে, পাইলটকে সরিয়ে বিমান নিয়ে বড় ধরনের সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা ছিল হামলাকারীর। মাঝ-আকাশে ককপিটের ভেতরে ধস্তাধস্তির পর যাত্রী ও বিমানকর্মীরা স্মিত মচ্ছরকে উদ্ধার করেন।

এই ঘটনার নেপথ্যে কোনো ভারতীয় যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চায় এনআইএ। সংস্থাটির ডিরেক্টর জেনারেল রাকেশ অগ্রবাল জানিয়েছেন, পারস্পরিক আইনি সহায়তা চুক্তির (এমএলএটি) আওতায় সংযুক্ত আরব আমিরশাহির কাছে এ বিষয়ে তদন্তের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ঘটনার মূল তদন্ত করছে আমিরশাহি প্রশাসন। তাদের কাছ থেকে নির্দিষ্ট কিছু নথিপত্র চাওয়া হয়েছে এবং প্রয়োজনে সেখানকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত কো-পাইলট অস্ট্রেলিয়া ও ব্রিটেনে পড়াশোনা করেছিলেন। তিনি বিদেশে থাকাকালীন কাদের সংস্পর্শে এসেছিলেন এবং তাঁর বন্ধুবৃত্তে কোনো ভারতীয় ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। ওমানি পাইলটের সঙ্গে ভারতীয় কোনো যোগসূত্র পাওয়া গেলে তা থেকে ভারতের নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কি না, সেটিই এখন এনআইএ-র মূল লক্ষ্য। অক্টোবরেই এই ঘটনায় হাইজ্যাকিং-সহ একাধিক ধারায় এফআইআর রুজু করেছে এনআইএ। বর্তমানে আমিরশাহির উত্তরের অপেক্ষায় রয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *