২৭ নভেম্বর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ২৭ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় দেড় মাসের মাথায় ফল প্রকাশ করতে চলেছে সংসদ।
পরীক্ষার্থীরা ২৭ নভেম্বর দুপুর ৩টে থেকে সংসদের নির্ধারিত ওয়েবসাইট wbchse.wb.gov.in এবং result.wb.gov.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে ‘WBCHSE Results’ মোবাইল অ্যাপ ডাউনলোড করেও মার্কশিট দেখা ও ডাউনলোড করা সম্ভব হবে। ফল দেখার জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছর মোট ৭,১৮,৪৬৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ছাত্র সংখ্যা ৩,১৫,৬৬১ এবং ছাত্রী সংখ্যা ৪,০২,৮০৬। রাজ্যের ৮২৫টি প্রতিষ্ঠানের অধীনে ২,১০৫টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছিল।
অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ সংসদের নির্দিষ্ট পোর্টালে লগ-ইন করে নিজেদের স্কুলের পড়ুয়াদের সামগ্রিক ফলাফল এবং সারসংক্ষেপ জানতে পারবে। সম্প্রতি সংসদের ওয়েবসাইটে পরীক্ষার চূড়ান্ত ‘অ্যানসার কি’ বা উত্তরপত্রও প্রকাশ করা হয়েছে।