ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ফসল রক্ষায় কৃষি দফতরের ৮ দফা নির্দেশিকা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় আমন ধান, আলু ও সবজি চাষে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষি দফতর কৃষকদের জন্য আট দফা নির্দেশিকা জারি করেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, যেসব জমিতে আমন ধান ৮০ শতাংশের বেশি পেকে গিয়েছে, তা দ্রুত কেটে ঘরে তুলতে হবে। ধানগাছ জমিতে হেলে পড়লে গোছা বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাতে শিষ জলে না ভেজে। এছাড়া, আলু চাষ আপাতত কয়েক দিন পিছিয়ে দেওয়ার এবং জমিতে জল জমলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হয়েছে। সবজির মাচা ও পানের বরজ মজবুত করার পাশাপাশি পাকা সবজি দ্রুত তুলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি দফতরের স্পষ্ট নির্দেশ, বৃষ্টির সময় জমিতে কোনো ধরনের সার বা কীটনাশক প্রয়োগ করা যাবে না, কারণ বৃষ্টির জলে তা ধুয়ে নষ্ট হয়ে যেতে পারে। সবজি জমিতে জল জমে থাকলে পরবর্তীতে পচা বা ধসা রোগের প্রকোপ দেখা দিতে পারে। সেক্ষেত্রে স্থানীয় কৃষি আধিকারিকের পরামর্শ নিয়ে ছত্রাকনাশক স্প্রে করার কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদি আমন ধানের ক্ষেত্রে বাদামি শোষক পোকার আক্রমণ রুখতে কৃষি দফতরের সুপারিশ মেনে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।