বিয়েতে রাজি সুস্মিতা সেন, হবু জীবনসঙ্গীর কাছে রাখলেন বিশেষ শর্ত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন সম্প্রতি নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন। পঞ্চাশে পা দেওয়া এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিয়ে করতে পুরোপুরি প্রস্তুত। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়াটাই তাঁর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অভিনেত্রী স্পষ্ট করেছেন যে, তিনি এমন একজন মানুষকে খুঁজছেন যার সঙ্গে তাঁর মানসিক সংযোগ গভীর হবে এবং যিনি তাঁকে প্রতিটি মুহূর্তে বুঝতে পারবেন।
নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে সুস্মিতা বলেন, তিনি এমন কাউকে চান যিনি তাঁকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন। অভিনেত্রী রসিকতা করে এও জানান যে, তাঁর চাহিদার তালিকা বেশ লম্বা। সেই শর্ত পূরণ করতে পারলে তবেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন, অন্যথায় একাকী জীবন কাটাতেও তাঁর কোনো আপত্তি নেই। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের অভিজ্ঞতা থাকলেও, বর্তমানে তিনি নিজের শর্ত মেনেই জীবনসঙ্গী নির্বাচনের অপেক্ষায় রয়েছেন।
সুস্মিতার ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রে থেকেছে। অতীতে রণদীপ হুডা, বিক্রম ভাট এবং ললিত মোদির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে বর্তমানে পুরনো প্রেমিক রোহমান শলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সুস্মিতার সেই দীর্ঘ চাহিদার তালিকা পূরণ করে শেষ পর্যন্ত কে তাঁর জীবনসঙ্গী হন।