গড়বেতায় অজানা প্রাণীর হামলায় জখম ৩৪টি গবাদি পশু

গড়বেতায় অজানা প্রাণীর হামলায় জখম ৩৪টি গবাদি পশু

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের আমকোপা অঞ্চলের ভেদুয়া গ্রামে এক রহস্যময় বন্যপ্রাণীর হামলায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার রাতে গ্রামের বেশ কিছু গৃহপালিত গোরু ও মোষের ওপর এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা লক্ষ্য করেন যে, মোট ৩৪টি গবাদি পশু গুরুতর জখম অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই গবাদি পশুগুলি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। পরদিন সকালে পরীক্ষা করে দেখা যায়, আক্রান্ত পশুগুলির মুখ ও নাকের কাছে কামড়ের গভীর ক্ষত রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং দ্রুত পশুচিকিৎসকদের খবর দেওয়া হয়। জখম গোরু ও মোষগুলিকে প্রয়োজনীয় প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে রূপনারায়ণ ডিভিশনের বন দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। তবে ঠিক কোন বন্যপ্রাণী এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গ্রামবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং পরবর্তী হামলা রুখতে এলাকায় রাতে বন দপ্তরের পক্ষ থেকে টহলদারির ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *