চিটফান্ড কমিটির ধীরগতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, তলব পূর্ণাঙ্গ রিপোর্ট

চিটফান্ড সংস্থার আমানতকারীদের টাকা ফেরানোর দায়িত্বে থাকা কমিটির কাজের গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে জানানো হয়, কমিটিতে ৩৪ জন কর্মী রয়েছেন, যাদের বেতন বাবদ মাসে প্রায় ৩৪ লক্ষ টাকা খরচ হয়। অথচ ১৬ জন ডেটা অপারেটর সারাদিনে মাত্র এক বা দুটি আবেদন কম্পিউটারে নথিভুক্ত করতে পারছেন। এই ধীরগতিতে বিস্ময় প্রকাশ করে আদালত প্রশ্ন তুলেছে, কর্মীরা কি গত ১০ বছর ধরে কেবল বিশ্রাম নিচ্ছেন? অদক্ষ কর্মীদের দ্রুত সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বেঞ্চ।
কমিটির ওয়েবসাইটের তথ্যের সঙ্গে বাস্তব কাজের গরমিলও আদালতের নজরে এসেছে। বর্তমানে ১০৫টি সংস্থার দায়িত্ব থাকলেও ওয়েবসাইটে মাত্র ৮৯টির নাম রয়েছে। এছাড়া শুরুতে দায়িত্ব পাওয়া ৫৩টি সংস্থার ক্ষেত্রে কত টাকা ফেরানো হয়েছে, তার কোনো পূর্ণাঙ্গ হিসাব কমিটি দিতে পারেনি। কমিটির তরফে প্রতিটি কাজের জন্য আদালতের নির্দেশের প্রয়োজন বলে দাবি করা হলেও, বিচারপতিরা তা মানতে নারাজ। আদালতের মতে, কমিটির হাতে যথেষ্ট প্রশাসনিক ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কেবল অজুহাত দিচ্ছে।
বাজেয়াপ্ত সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও কমিটির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। ইডির বাজেয়াপ্ত করা সম্পত্তি আমানতকারীদের টাকা ফেরানোর কাজে ব্যবহারের প্রক্রিয়াটি অত্যন্ত ধীর। ২০১৬ সালের আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিশেষ আদালত থেকে সম্পত্তি হস্তান্তরের আবেদনটুকুও করা হয়নি। এই পরিস্থিতিতে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ৫৩টি চিটফান্ড সংস্থার যাবতীয় তথ্য ও কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।