ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র, পর্যটকদের সতর্ক করল প্রশাসন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় দিঘা সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলীয় অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত চলছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকলেও ঝোড়ো হাওয়ার প্রকোপ সেভাবে দেখা যায়নি। তবে সমুদ্রের উত্তাল ঢেউ গার্ডওয়ালে আছড়ে পড়ছে, যার ফলে পর্যটকদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরিস্থিতির ওপর নজর রাখতে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন ও পুলিশ ২৪ ঘণ্টা তৎপর রয়েছে। পর্যটকদের সতর্ক করতে সকাল থেকেই সমুদ্র সৈকতে মাইকিং করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে সমুদ্রের প্রতিটি ঘাট দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ জলে নামতে না পারেন। প্রতিকূল পরিস্থিতির কারণে দিঘায় পর্যটকদের আনাগোনাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম।
মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত ট্রলার ইতিমধ্যেই উপকূলে ফিরে এসেছে। মাঝসমুদ্র থেকে ফিরে আসতে বাধ্য হওয়ায় মৎস্যজীবী ও ট্রলার মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মাছ ধরতে না পারায় লক্ষ লক্ষ টাকার লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়ে প্রশাসন পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালাচ্ছে।