মুম্বইয়ে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করার ইঙ্গিত বম্বে হাইকোর্টের

মুম্বইয়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনতে ব্যক্তিগতভাবে আতশবাজি ফাটানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিল বম্বে হাইকোর্ট। বিচারপতি জিএস কুলকার্নি ও বিচারপতি ডঃ নীলা গোখলের বেঞ্চে মুম্বইয়ের দূষণ সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন আদালত এই পর্যবেক্ষণ দেয়। দীপাবলির সময় বারবার সতর্ক করা সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করে বাজি ফাটানোর ঘটনা এবং শহরের বায়ুর গুণমান সূচক বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় আদালত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দীপাবলির সময় মুম্বইয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং পুলিশ ও পুরসভা বিধিনিষেধ কার্যকর করতে কার্যত অসহায় ছিল। বিচারপতিরা উল্লেখ করেন, সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী উৎসবের মরসুমে শহরে ৩৩২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাগরিকদের সচেতনতার অভাব এবং বারবার অনুরোধ সত্ত্বেও আচরণে পরিবর্তন না আসায় বৃহত্তর জনস্বার্থে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে আদালত।
পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত আতশবাজি নিষিদ্ধ করে শুধুমাত্র নির্দিষ্ট অনুমোদিত স্থানে সম্মিলিত বা কমিউনিটি ফায়ারওয়ার্কসের আয়োজনের প্রস্তাব দিয়েছে হাইকোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের মতো মুম্বইয়েও প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট জায়গায় আতশবাজির প্রদর্শনী করা যেতে পারে বলে আদালত মনে করছে। এর ফলে শহরের দূষণ ও বিষাক্ত পদার্থের প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা যাবে বলে বিচারপতিরা মন্তব্য করেছেন।