তিস্তা সেতুতে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, প্রাণ হারালেন তিন যুবক

জলপাইগুড়ির তিস্তা সেতুর ওপর এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকদের নাম রিজু মণ্ডল (২২), রোহন রায় (২২) এবং সত্য কেরানি (২৩)। তাঁরা প্রত্যেকেই জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ছিলেন। মাঝরাতে পথচারীরা সেতুতে তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ময়নাগুড়ি ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাইক আরোহীদের কারও মাথাতেই হেলমেট ছিল না। প্রত্যক্ষদর্শী এক ট্রাক চালকের দাবি, বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে তাঁদের ট্রাকটিকে ওভারটেক করে এগিয়ে গিয়েছিল।
জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির তরফে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে তিস্তা সেতুতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঠিক কীভাবে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একই পাড়ার তিন তরতাজা যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।