ইরানে যমজ বোনকে যৌন নির্যাতনের অভিযোগ, বিচারক হিসেবে দেখা মিলল সেই কর্মকর্তারই

ইরানে যমজ বোনকে যৌন নির্যাতনের অভিযোগ, বিচারক হিসেবে দেখা মিলল সেই কর্মকর্তারই

ইরানের কারাগারে বন্দি যমজ বোন তারানেহ ও রোমিনা রাহিমির ওপর যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তাদের পরিবারের দাবি, যে কর্মকর্তা জিজ্ঞাসাবাদের সময় তাদের ওপর নির্যাতন চালিয়েছিলেন, পরবর্তীতে আইআরজিসি-র বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারক হিসেবেও তিনিই দায়িত্ব পালন করেন। অভিযোগ, সেই বিচারকই মামলাটি তাৎক্ষণিকভাবে খারিজ করে দেন। বর্তমানে ২১ বছর বয়সী এই দুই বোন ইসফাহানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে কারাবন্দি। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, তারানেহকে মৃত্যুদণ্ড ও ১১ বছরের কারাদণ্ড এবং রোমিনাকে ৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারাগারে দুই বোনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং নির্যাতনের ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আইনি লড়াইয়ের ক্ষেত্রেও তারা বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন; তাদের আইনজীবী গ্রেপ্তার হয়েছেন অথবা মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে পরিবারটি নতুন আইনজীবীর মাধ্যমে আপিল করার চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক মহলে ইরানের এই বিচার ব্যবস্থা ও মৃত্যুদণ্ড প্রয়োগ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটি তেহরানের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। তবে ইরানের প্রতিনিধিদল এই অভিযোগ প্রত্যাখ্যান করে মানবাধিকারকে রাজনীতিকরণের পাল্টা অভিযোগ তুলেছে। এদিকে, ভুক্তভোগী দুই বোনের পরিবার আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন জানিয়েও এখন পর্যন্ত কোনো সাড়া পায়নি। তাদের দাবি, সরকার মূলত মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করতে চাইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *