মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডরে বিদ্যুৎ সংযোগ, মাইলফলক স্পর্শ প্রকল্পের

দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল রেল। ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আমেদাবাদ করিডরের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত ৫০ কিলোমিটার অংশে সফলভাবে ওভারহেড ইলেকট্রিক্যাল পরিকাঠামো চালু করা হয়েছে। এই অংশে আপ ও ডাউন উভয় লাইনেই এখন হাইভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। অত্যাধুনিক ২x২৫ কেভি ওভারহেড ট্র্যাকশন সিস্টেমের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষের তরফে স্থানীয় বাসিন্দা ও নির্মাণকর্মীদের জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে। হাইভোল্টেজ বিদ্যুৎ প্রাণঘাতী হতে পারে বলে রেললাইনের আশেপাশে সাধারণ মানুষকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো কাজ করা বা বিদ্যুতের তার স্পর্শ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুরো করিডর জুড়ে মোট ১৪টি ট্র্যাকশন সাবস্টেশন তৈরি করা হচ্ছে, যার মধ্যে ৯টি গুজরাটে এবং ৫টি মহারাষ্ট্রে অবস্থিত। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পুরো ব্যবস্থার ওপর নজরদারি চালানো হবে।
এই হাইস্পিড করিডরটি সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর উপযোগী করে তৈরি করা হচ্ছে। তবে প্রথম পর্যায়ে ২৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। রেল মন্ত্রকের লক্ষ্য অনুযায়ী, ২০২৭ সালের ১৫ অগস্ট এই পরিষেবা চালু হবে। প্রাথমিক পর্যায়ে সুরাট থেকে ভাপি পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থেকে সবরমতী পর্যন্ত ১২টি স্টেশনের মাধ্যমে মহারাষ্ট্র ও গুজরাটের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচিত হবে।