ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় অ্যাকভান, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় অ্যাকভান, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

ওড়িশা উপকূলে নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অ্যাকভান। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়, যা প্রায় দু’ঘণ্টা স্থায়ী হয়। উপকূলের কাছে এসে ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি হারিয়েছে। বর্তমানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত কমবেশি বৃষ্টি চলবে। শনিবার বৃষ্টি কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার আবহাওয়া সংক্রান্ত বিশেষ সতর্কতা নেই এবং সোমবারের পর আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার বিকেল পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি না থাকলেও সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী চার দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও, এরপর ধীরে ধীরে পারদ তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *