মার্কিন প্রযুক্তি বিভ্রাটের আবহে পদত্যাগ করলেন ট্রাম্পের সাইবার পরিচালক

মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনার মধ্যেই পদত্যাগ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় সাইবার পরিচালক কেয়ারনক্রস। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা আর দুই বছর এই দায়িত্ব পালন করতে অনিচ্ছুক হওয়ায় তিনি সরে দাঁড়াচ্ছেন। তবে তার পদত্যাগের সুনির্দিষ্ট তারিখ এখনও স্পষ্ট করা হয়নি।
সম্প্রতি মাইক্রোসফট আউটলুক, ইউনাইটেড এয়ারলাইন্স এবং এফএএ-র গ্রাউন্ড স্টপের মতো একাধিক প্রযুক্তিগত বিপর্যয় দেশজুড়ে জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকে জরুরি সামগ্রী মজুদ করতে শুরু করেছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনাগুলোকে সমন্বিত সাইবার আক্রমণ হিসেবে মানতে নারাজ। তিনি একে বিচ্ছিন্ন প্রযুক্তিগত ত্রুটি বলে অভিহিত করে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে জেপি মর্গান চেজ-এর তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারীর ওপর সাইবার হামলায় প্রায় ১৬ হাজার গ্রাহকের তথ্য ফাঁস হয়। একটি র্যানসমওয়্যার গোষ্ঠী জেপি মর্গান, ভিসা এবং মাস্টারকার্ড থেকে তথ্য চুরির দায় স্বীকার করেছে। এছাড়া গত মাসে বিনান্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জেও বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছিল। ট্রাম্পের মতে, মিডিয়া কভারেজের কারণে পরিস্থিতি অতিরঞ্জিতভাবে উপস্থাপিত হচ্ছে এবং সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।