চিটফান্ডে টাকা ফেরাতে ব্যর্থ কমিটি, ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

চিটফান্ড কাণ্ডে আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গত ১২ বছরে এই কমিটি কার্যত কোনও কাজই করেনি। কোন চিটফান্ড সংস্থার কত টাকা ফেরানো হয়েছে, কতগুলি আবেদন জমা পড়েছে এবং কত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তার কোনও সুনির্দিষ্ট তথ্য কমিটি আদালতে পেশ করতে পারেনি।
কমিটির ওয়েবসাইটের বেহাল দশা নিয়েও তীব্র ভর্ৎসনা করেছে আদালত। বিচারপতির নজরে আসে, ওয়েবসাইটে এখনও ৮৯টি চিটফান্ড সংস্থার নাম রয়েছে, অথচ কমিটিকে ১০৫টি সংস্থার টাকা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়েবসাইট আপডেট না করায় আদালতের প্রশ্ন, কমিটির কি আদৌ কাজ করার ইচ্ছে আছে? কমিটির আইনজীবীর দাবি, সরকারের দেওয়া ৩৪ জন কর্মীর মধ্যে ১৬ জন ডেটা এন্ট্রি অপারেটর। এর প্রেক্ষিতে আদালতের মন্তব্য, কাজ না থাকলে ওই কর্মীরা কি করদাতাদের টাকায় বসে বেতন নিচ্ছেন?
আদালত স্পষ্ট জানিয়েছে, সাধারণ মানুষের করের টাকায় চলা এই কমিটির কাজের গতি অত্যন্ত হতাশাজনক। প্রয়োজনে অলস কর্মীদের বদলি করার পরামর্শও দিয়েছে বেঞ্চ। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে প্রথম দফায় দায়িত্ব পাওয়া ৫৩টি চিটফান্ড সংস্থার যাবতীয় তথ্য রিপোর্ট আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনও কোম্পানির ক্ষেত্রেই যথাযথ তথ্য তৈরি না থাকায় এই কড়া অবস্থান নিয়েছে হাইকোর্ট।