ডেনমার্কের পার্লামেন্টে মার্কিন-গ্রিনল্যান্ড নিরাপত্তা চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদিত

ডেনমার্কের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি অনুমোদন করেছে। ১০৯-০ ভোটে পাস হওয়া এই চুক্তির লক্ষ্য গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করা। চলতি বছরের ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে স্বাক্ষরিত এই চুক্তিটি এর আগে গ্রিনল্যান্ডের পার্লামেন্টেও অনুমোদিত হয়েছে। ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনে থাকা এই স্ব-শাসিত অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের পথ প্রশস্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, গ্রিনল্যান্ডের দক্ষিণ উপকূলে নারসারসুয়াক এবং পূর্ব উপকূলে মেস্টারসভিগে দুটি নতুন মার্কিন সামরিক ঘাঁটি নির্মিত হবে। এছাড়া পিটুফিক স্পেস বেসের সম্প্রসারণের পাশাপাশি মার্কিন নৌযান ও বিমানগুলোর জন্য গ্রিনল্যান্ডের আকাশসীমা ও জলসীমায় চলাচলের বিশেষ অধিকার নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর বাইরের দেশগুলোর প্রভাব কমিয়ে আর্কটিক অঞ্চলে কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় আমেরিকা।
১৯৫১ সালের বিদ্যমান নিরাপত্তা চুক্তির পরিপূরক হিসেবে এই নতুন সমঝোতা কার্যকর হবে। ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিনল্যান্ড ভবিষ্যতে সম্পূর্ণ স্বাধীন ভূখণ্ডে পরিণত হলেও এই চুক্তি বলবৎ থাকবে। চুক্তিতে গ্রিনল্যান্ডের সমাজ ও জীবনধারার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেনমার্ক আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবহিত করার পর চুক্তিটি কার্যকর হবে, যা আর্কটিক অঞ্চলে ন্যাটো জোটের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।