রোহিঙ্গা গণহত্যায় মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত

সাত বছরের দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মায়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। আদালতের সভাপতি ইউজি আইওয়াসাওয়া জানিয়েছেন, ৯-৬ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আদালতের ইতিহাসে কোনো দেশের বিরুদ্ধে গণহত্যার এমন রায় এই প্রথম। রায়ে উল্লেখ করা হয়েছে, মায়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে।
আদালতের তথ্যপ্রমাণ অনুযায়ী, মায়ানমার সেনাবাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এছাড়া রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনসহ চরম অমানবিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি বাংলাদেশ সীমান্তে পালানোর সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছে বলে রায়ে উঠে এসেছে। ২০১৭ সাল থেকে মায়ানমার সেনার বিরুদ্ধে এই অভিযোগগুলো ধারাবাহিকভাবে উঠে আসছিল। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল, যাকে ৫৭টি ইসলামিক রাষ্ট্র সমর্থন জানায়।
মামলার শুনানিতে মায়ানমার সরকার দাবি করেছিল যে, রাখাইন প্রদেশে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয়নি, বরং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গাম্বিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, সেনাবাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গা সংখ্যালঘুদের নির্মূল করার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আগে আইসিজে রোহিঙ্গাদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও মায়ানমার তা পালন করেনি বলে অভিযোগ রয়েছে। বর্তমানে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন।