রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল কুলগাছিয়ার যাত্রী প্রতীক্ষালয়, ক্ষোভ স্থানীয়দের

উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের কুলগাছিয়ার শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত যাত্রী প্রতীক্ষালয়টি বর্তমানে চরম অবহেলার শিকার। কয়েক বছর আগে পঞ্চায়েত সমিতির উদ্যোগে নির্মিত এই প্রতীক্ষালয়টি বাসযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে বৃষ্টির সময় যাত্রীদের আশ্রয়স্থল হিসেবে এটি ব্যবহৃত হতো। কিন্তু দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
বর্তমানে প্রতীক্ষালয়টির চারপাশ আগাছা ও জঙ্গলে ঢেকে গিয়েছে। ভিতরের অংশ নোংরা আবর্জনায় পূর্ণ থাকায় দুর্গন্ধে সেখানে দাঁড়ানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রতীক্ষালয়ের সামনে থাকা পুলিশের কিয়স্কটিও ভেঙে মাটিতে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের প্রথম কয়েক বছর রক্ষণাবেক্ষণ হলেও পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো নজর দেওয়া হয়নি।
এই বিষয়ে উলুবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মিতু দাস জানান, বিষয়টি সম্পর্কে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তিনি আরও বলেন, বর্তমানে সব কাজ একসঙ্গে রক্ষণাবেক্ষণ করা কঠিন। তবে বিষয়টি খতিয়ে দেখে অগ্রাধিকারের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত প্রতীক্ষালয়টি পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।