হাসপাতালে গুন্ডামি বরদাস্ত নয়, প্রয়োজনে পুলিশ পাঠানো হবে: মুখ্যমন্ত্রী

হাসপাতালে গুন্ডামি বরদাস্ত নয়, প্রয়োজনে পুলিশ পাঠানো হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের শো-কজ় নোটিস প্রত্যাহারকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাসপাতালের ওষুধের মজুত নিয়ে ভুল তথ্য দেওয়া এবং ডিউটিতে থাকা সত্ত্বেও সাংবাদিক বৈঠক করার অভিযোগে আট ইন্টার্নকে শো-কজ় করেছিল কলেজ কর্তৃপক্ষ। এই নোটিস প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘর ঘেরাও করেন আন্দোলনরত চিকিৎসক-পড়ুয়ারা। অভিযোগ, কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পরেও অধ্যক্ষ সেই অবস্থান থেকে সরে আসায় উত্তেজনা ছড়ায়। অধ্যক্ষের ঘরের করিডরের কাচ ভেঙে যায় এবং আন্দোলনকারীদের উপর এবিভিপি কর্মীদের হামলার অভিযোগ ওঠে, যদিও এবিভিপি তা অস্বীকার করেছে।

এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, হাসপাতালে কোনো ধরনের গুন্ডামি বরদাস্ত করা হবে না। তিনি জানান, এখনও পর্যন্ত সুপার প্রশাসনের কাছে পুলিশের হস্তক্ষেপ চাননি, তবে প্রয়োজন হলে কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ পাঠানো হবে। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সুপার এবং এমএসভিপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। অধ্যক্ষ যে ধরনের সাহায্য চাইবেন, প্রশাসন তা প্রদান করবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টল ঘিরে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পাল্টা স্টল বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ব্যাহত হয় যান চলাচল। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, ভোটে জেতার ক্ষমতা নেই বলেই এখন বইয়ের স্টল নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতি চলবে না এবং নেতাদের কাস্তে-হাতুড়ি-তারা ছেড়ে বই প্রতীকে ভোটে লড়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *