নিজস্ব মোবাইল নেটওয়ার্ক গড়ার পথে স্পেসএক্স, প্রয়োজন হতে পারে বড় সেল টাওয়ার

স্পেসএক্স নিজস্ব মোবাইল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিটি। সংস্থার সিএফও ব্রেট জনসনের মতে, তারা এমন এক ওয়্যারলেস নেটওয়ার্ক গড়ে তুলতে চায় যা প্রথাগত সেল টাওয়ারের ওপর কম নির্ভরশীল হবে। ফাইবার কানেকশনের পরিবর্তে স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে নেটওয়ার্ক ট্রাফিক পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। এর ফলে ছোট সেল সাইট ব্যবহার করেই কার্যকরী নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
তবে সিটির বিশ্লেষকদের মতে, শহর ও শহরতলির মতো জনবহুল এলাকায় বাড়ির ভেতরে ভালো কভারেজ এবং পর্যাপ্ত নেটওয়ার্ক ক্যাপাসিটি নিশ্চিত করতে স্পেসএক্সের এখনো প্রচুর ম্যাক্রো সেল সাইটের প্রয়োজন হবে। নিজস্ব নেটওয়ার্ক তৈরি করা ছাড়াও সংস্থাটি কোনো টেলিকম কোম্পানি অধিগ্রহণ অথবা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) হিসেবে কাজ করার বিকল্পগুলোও বিবেচনা করতে পারে। তবে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করাকেই সবচেয়ে সম্ভাব্য পথ হিসেবে দেখছে সিটি।
সম্প্রতি স্পেসএক্স গ্রেইন ম্যানেজমেন্টের কাছ থেকে দেশজুড়ে ৮০০ মেগাহার্টজ ওয়্যারলেস স্পেকট্রাম লাইসেন্সের পোর্টফোলিও কেনার চুক্তি করেছে। এই পদক্ষেপ স্টারলিঙ্ক মোবাইলের কভারেজ আরও শক্তিশালী করবে, বিশেষ করে দুর্বল সিগন্যালযুক্ত এলাকায়। এর আগে জেপিমরগ্যানও জানিয়েছিল যে, আমেরিকার প্রতিষ্ঠিত টেলিকম সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে স্পেসএক্সকে গ্রাউন্ড-বেসড নেটওয়ার্কের ওপর জোর দিতে হতে পারে। বর্তমানে শেয়ার বাজারেও স্পেসএক্স নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।