নেপালে শুটিংয়ের সময় কায়াকিং করতে গিয়ে বিপত্তি, ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন অমিতাভ বচ্চন

নেপালে শুটিংয়ের সময় কায়াকিং করতে গিয়ে বিপত্তি, ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন অমিতাভ বচ্চন

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নিজের জীবনের এক রোমহর্ষক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। অভিনেতা জানান, নেপালে একটি ছবির শুটিং চলাকালীন তাঁকে কায়াকিং করার পরামর্শ দেওয়া হয়েছিল। সরু নৌকায় চড়ার কৌশল আয়ত্ত করতে গিয়ে বিপত্তি ঘটে। নৌকাটি ভুল দিকে ঘোরানোর ফলে তা উল্টে যায় এবং অভিনেতা জলের নিচে আটকে পড়েন। সেই সময় জলের নিচ থেকে সাহায্যের সংকেত দিলেও দীর্ঘক্ষণ কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি বলে জানান তিনি।

অমিতাভ বচ্চন মজার ছলে বলেন, শুটিং চলাকালীন নায়ক ডুবে গেলে হয়তো অন্য কাউকে দিয়ে কাজ চালানোর কথা ভেবেছিলেন উপস্থিত কর্মীরা। শেষ পর্যন্ত জলপ্রপাতের ধারে থাকা এক ব্যক্তি বিষয়টি লক্ষ্য করেন এবং তিন-চারজনের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। কায়াকিংয়ের সেই অভিজ্ঞতা যে তাঁর কাছে অত্যন্ত ভয়ঙ্কর ছিল, তা স্পষ্ট করেছেন বিগ বি।

অনুষ্ঠানের অন্য একটি অংশে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গিয়ে হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’ ছবির ভূয়সী প্রশংসা করেন অমিতাভ। ব্ল্যাক হোল এবং মহাকাশের জটিল বিষয়গুলো পর্দায় ফুটিয়ে তুলতে নোলান যে গভীর গবেষণা করেছিলেন, তা তাঁকে মুগ্ধ করেছে। একজন চলচ্চিত্র পরিচালক হয়েও বিজ্ঞানের বিষয়বস্তুকে এত নিখুঁতভাবে তুলে ধরার প্রয়াস সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *