কফি উইথ করণ-এ অক্ষয় কুমারের বেফাঁস মন্তব্য, শরীরচর্চা বনাম যৌনজীবন নিয়ে তুঙ্গে চর্চা

করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আসন্ন পর্বে অতিথি হিসেবে দেখা যাবে অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেতা-সাংসদ রবি কিষাণকে। সম্প্রতি এই পর্বের ট্রেলার প্রকাশ্যে আসতেই দুই তারকার রসিকতা ও মজাদার কথোপকথন ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। সঞ্চালক করণ জোহর অক্ষয় কুমারকে বলিউডের আইকন এবং রবি কিষাণকে বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় বলে পরিচয় করিয়ে দেন।
ট্রেলারে দেখা যায়, রবি কিষাণের জনপ্রিয় তকমা ‘বিহারের ব্র্যাড পিট’ নিয়েও মজার আলোচনা চলছে। তবে আড্ডার মাঝেই করণ জোহর অক্ষয় কুমারকে একটি অস্বস্তিকর প্রশ্ন করেন। তিনি জানতে চান, এক বছরের জন্য যৌনজীবন ত্যাগ করা অথবা শরীরচর্চা বন্ধ রাখা— এই দুটির মধ্যে অক্ষয় কোনটি বেছে নেবেন? ফিটনেস সচেতন অক্ষয় কুমার বিন্দুমাত্র সময় না নিয়েই পাল্টা প্রশ্ন করেন, “সেক্স কি সেরা ওয়ার্কআউট নয়?”
খিলাড়ির এই চটজলদি ও বুদ্ধিদীপ্ত জবাবে মুহূর্তে জমে ওঠে আড্ডা। ট্রেলারের এই ঝলক থেকে স্পষ্ট যে, অক্ষয় কুমার ও রবি কিষাণের যুগলবন্দিতে আসন্ন পর্বটি দর্শকদের জন্য ভরপুর বিনোদনের খোরাক নিয়ে আসতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো শেয়ার করে করণ জোহর জানিয়েছেন, খিলাড়ি নম্বর ওয়ান এবং ভাইরালিটির রাজা এক মঞ্চে এলে বিনোদনের কোনো ঘাটতি থাকবে না।