বিরল রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি জয় করে ডাক্তারি পড়ছেন পূর্ব মেদিনীপুরের সুব্রতজ্যোতি

সাত বছর বয়স থেকে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (SMA) নামক এক বিরল জিনগত স্নায়ুরোগের সঙ্গে লড়াই করছেন পূর্ব মেদিনীপুরের সুব্রতজ্যোতি। এই রোগে মেরুদণ্ড ও মস্তিষ্কের মোটর নিউরন ক্ষতিগ্রস্ত হওয়ায় পেশী দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ সময় শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। ২০২০ সালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ডাঃ সংযুক্তা দে-র তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা কর্মসূচি ‘স্পিনরাজা’ (Spinraza) পরিষেবার মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে।
শারীরিক উন্নতির পাশাপাশি পড়াশোনাতেও অসাধারণ সাফল্য দেখিয়েছেন সুব্রতজ্যোতি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও এনআইটি দুর্গাপুরে সুযোগ পেলেও, শেষ পর্যন্ত তিনি ডাক্তারিকেই পেশা হিসেবে বেছে নেন। ডাঃ সংযুক্তা দে-র পরামর্শ ও উৎসাহে তিনি NEET-UG পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়া। নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে জেনেটিক্স বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখছেন তিনি, যাতে বিরল রোগে আক্রান্ত অন্যান্য শিশুদের পাশে দাঁড়াতে পারেন।
সুব্রতজ্যোতির এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক চিকিৎসা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে শারীরিক প্রতিকূলতা জয় করা সম্ভব। ডাঃ সংযুক্তা দে-র উদ্যোগে পূর্ব ভারতে এই বিরল রোগের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বর্তমানে পিয়ারলেস হাসপাতাল পূর্ব ভারতের একমাত্র কেন্দ্র যেখানে এসএমএ আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হচ্ছে। সুব্রতজ্যোতির এই লড়াই চিকিৎসা জগতে এক নতুন নজির স্থাপন করেছে।