ইকোনমি ক্লাসে চিনে মেক্সিকোর প্রেসিডেন্ট, কৃচ্ছ্রসাধনের নজির নিয়ে চর্চা

চিন সফরে গিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শাইনবাউমের ইকোনমি ক্লাসের মাঝের আসনে বসে যাতায়াতের বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই সাদামাটা বিমানযাত্রা চিনের সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চিনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘ওয়েইবো’-তে তাঁর আগমন সংক্রান্ত হ্যাশট্যাগ এক কোটির বেশিবার দেখা হয়েছে। চিনা নেটাগরিকদের একাংশ সরকারি অর্থের অপচয় রোধে তাঁর এই মানসিকতাকে জনকল্যাণমুখী ও শিক্ষণীয় বলে প্রশংসা করেছেন।
তবে এই ঘটনা নিয়ে সমালোচকদের মধ্যেও ভিন্ন মত রয়েছে। বিমান বিশেষজ্ঞ ও সমালোচকদের একাংশের মতে, একজন রাষ্ট্রপ্রধানের শারীরিক সুস্থতা ও সময়ের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ ২০ ঘণ্টার বেশি সময় ইকোনমি ক্লাসের মাঝের আসনে বসে থাকলে পর্যাপ্ত বিশ্রামের অভাবে কাজের ক্ষতি হতে পারে, যা কূটনৈতিক দক্ষতার ওপর প্রভাব ফেলতে পারে। কেউ কেউ একে রাজনৈতিক প্রচার বা লোকদেখানো বলেও কটাক্ষ করেছেন।
মেক্সিকোর বর্তমান সরকারের ঘোষিত কৃচ্ছ্রসাধন নীতির অংশ হিসেবেই এই বাণিজ্যিক বিমানযাত্রা। ২০১৮ সালে প্রাক্তন প্রেসিডেন্ট আন্দ্রেজ় ম্যানুয়েল লোপেজ় ওব্রাদোর বিলাসবহুল সরকারি বিমান বিক্রি করে দেওয়ার যে ধারা শুরু করেছিলেন, শাইনবাউম তা বজায় রেখেছেন। এর আগেও তিনি সাধারণ বাণিজ্যিক বিমানে বিদেশ সফর করেছেন। লাতিন আমেরিকায় চিনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার মেক্সিকো। শেনঝেন সফরে পরিবেশ, জ্বালানি ও বিজ্ঞানসহ একাধিক ক্ষেত্রে সমঝোতাপত্রে সই করার পাশাপাশি আমেরিকার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার বার্তাও দিয়েছেন তিনি।