২০২৮ সালের মধ্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর লক্ষ্য রিলায়েন্সের

২০৩৫ সালের মধ্যে একটি শক্তিশালী ‘লো অর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রিলায়েন্স। এই প্রকল্পের মাধ্যমে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেসব এলাকায় মাটির ওপর টেলিকম পরিকাঠামো স্থাপন করা কঠিন, সেখানে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বড় সমাধান হিসেবে কাজ করবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শুরুতেই এই পরিষেবার প্রথম ধাপ চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্যাটেলাইট সংগ্রহের জন্য রিলায়েন্স দেশীয় উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকেও প্রযুক্তি আমদানির কথা ভাবছে। এরই মধ্যে আমেরিকাভিত্তিক দুটি সংস্থার সঙ্গে প্রায় ৪০০টি স্যাটেলাইট সংগ্রহের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে পুরো নেটওয়ার্কটি সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।
বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইট তৈরি ছাড়াও নিয়মিত রকেট উৎক্ষেপণ এবং উপযুক্ত অরবিট্যাল স্লট নিশ্চিত করা এই প্রকল্পের বড় চ্যালেঞ্জ। ভারতের বাজারে ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে রিলায়েন্সের এই উদ্যোগের সরাসরি প্রতিযোগিতা হতে পারে। তবে কৌশলগত দিক থেকে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দেশের যোগাযোগ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা প্রদানে সহায়ক হবে।