নবান্নে বাধ্যতামূলক ফেস রিকগনিশন হাজিরা, নতুন নিয়ম কার্যকর ২০২৭ থেকে

নবান্নে বাধ্যতামূলক ফেস রিকগনিশন হাজিরা, নতুন নিয়ম কার্যকর ২০২৭ থেকে

রাজ্য সরকারের অর্থ দফতরের অডিট শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নবান্নে এবার ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু হতে চলেছে। আগামী ১৫ জুন ২০২৭ থেকে নবান্নের সমস্ত কর্মী ও আধিকারিকদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। তবে দফতরের প্রধানদের এই তালিকার বাইরে রাখা হয়েছে। পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য সরকারি দফতরেও এই ব্যবস্থা কার্যকর করা হবে এবং ৩১ জুলাই ২০২৭-এর মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অফিসে আসা ও বেরোনোর সময় ফেস রিকগনিশন ডিভাইসে হাজিরা নথিভুক্ত করা বাধ্যতামূলক। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টার মধ্যে হাজিরা দিলে তা ‘লেট’ হিসেবে গণ্য হবে। ১১টার পরে হাজিরা দিলে সংশ্লিষ্ট কর্মীকে ‘অ্যাবসেন্ট’ বা অনুপস্থিত বলে ধরা হবে। একইভাবে বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে বিবেচিত হবে। অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিক রেকর্ড না করলেও অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।

নিয়মভঙ্গের ক্ষেত্রে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে। একই দিনে দেরিতে আসা এবং আগেভাগে চলে যাওয়ার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীর এক দিনের ক্যাজুয়াল লিভ (CL) কাটা যাবে। এছাড়া প্রতি তিন দিনের লেট বা আর্লি ডিপারচারের জন্য এক দিনের CL বা CCL কাটা হবে। সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখতেই এই নতুন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *