জন্মদিনে স্মরণ: বহুমুখী প্রতিভার অধিকারী রুমা গুহঠাকুরতার বর্ণময় জীবন

জন্মদিনে স্মরণ: বহুমুখী প্রতিভার অধিকারী রুমা গুহঠাকুরতার বর্ণময় জীবন

বাংলা সংস্কৃতির ইতিহাসে রুমা গুহঠাকুরতা এক উজ্জ্বল নাম। ১৯৩৪ সালের ২১ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। সঙ্গীতশিল্পী মা সতী দেবীর সান্নিধ্যে ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির আবহে বড় হয়েছেন রুমা। মাত্র ১০ বছর বয়সে অমিয় চক্রবর্তীর ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে অভিনয় জগতে তাঁর আত্মপ্রকাশ ঘটে। অভিনয়ের পাশাপাশি উদয়শঙ্করের কাছে নাচের তালিমও নিয়েছিলেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে সত্যজিৎ রায়ের ‘অভিযান’, তপন সিংহের ‘নির্জন সৈকতে’, তরুণ মজুমদারের ‘পলাতক’ ছাড়াও ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘গণশত্রু’ ও ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর মতো বহু স্মরণীয় ছবিতে অভিনয় করেছেন তিনি। আন্তর্জাতিক স্তরে মীরা নায়ারের ‘দ্য নেমসেক’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৬৪ সালে বিএফজেএ পুরস্কার এবং ১৯৬৫ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মান পান তিনি।

অভিনয়ের পাশাপাশি সঙ্গীতচর্চায় তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৫৮ সালে তিনি ‘ক্যালকাটা ইয়ুথ কয়্যার’ প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে গণসংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যক্তিগত জীবনে ১৯৫১ সালে কিশোর কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, তাঁদের একমাত্র সন্তান অমিত কুমার। পরবর্তীতে ১৯৬০ সালে অরূপ গুহঠাকুরতাকে বিয়ে করেন রুমা। ২০১৯ সালের ৩ জুন ৮৪ বছর বয়সে এই বহুমুখী প্রতিভার প্রয়াণ ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *