কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ শান মাসুদ ও রিজ়ওয়ান, তরুণদের ওপর ভরসা পাক বোর্ডের

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা হয়নি শান মাসুদ, মহম্মদ রিজ়ওয়ান, হাসান আলি, আবদুল্লা শফিক, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ় এবং মহম্মদ ওয়াসিম জুনিয়রের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। গতবারের চুক্তিতে থাকা ১৩ জন ক্রিকেটারকে এবার বাদ দেওয়া হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং জাতীয় দলের কোচ মাইক হেসনের পরামর্শ অনুযায়ী এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
নতুন নিয়মে কোনও ক্রিকেটারের সঙ্গেই তিন ফরম্যাটের চুক্তি করা হয়নি। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ফরম্যাট ভিত্তিক এই চুক্তি কার্যকর থাকবে। বাবর আজ়ম এবং সলমন আঘার সঙ্গে টেস্ট ও এক দিনের ক্রিকেটের চুক্তি করা হয়েছে। মহম্মদ আব্বাস, আজ়ান আওয়াইস, সাজিদ খান ও সাউদ শাকিলকে শুধু টেস্টের জন্য রাখা হয়েছে। শাহিন আফ্রিদিকে টেস্ট দলের তালিকায় রাখা হয়নি, তবে টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজ়াদা ফারহানের সঙ্গে শুধু ২০ ওভারের ক্রিকেটের চুক্তি হয়েছে।
পিসিবি এবার তরুণ ক্রিকেটারদের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। চুক্তির তালিকায় ১৯ জন উদীয়মান ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রাজ়াউল্লাহ, তায়াব আরিফ, মহম্মদ তাহা, গাজ়ি ঘোরি এবং সাকিব খান উল্লেখযোগ্য। সব মিলিয়ে বিভিন্ন ফরম্যাটে ভাগ করে ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দু’জন, শুধু টেস্টে চার জন, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছয় জন এবং শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে সাত জন ক্রিকেটারকে রাখা হয়েছে।