সফটওয়্যার ডেভেলপমেন্টে এআই-এর প্রভাব নিয়ে তুঙ্গে বিতর্ক

সফটওয়্যার ডেভেলপমেন্টের ভবিষ্যৎ নিয়ে এক অভিজ্ঞ ডেভেলপার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, তাঁর কর্মক্ষেত্রে ডেভেলপার ও টেস্টারদের একত্রিত করে ইঞ্জিনিয়ারিং টিম পুনর্গঠনের পরিকল্পনা করা হয়েছে। এই প্রক্রিয়ায় টেস্টিংয়ের কাজে মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। কর্মীদেরও দৈনন্দিন কাজে এআই টুল ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে।
নয় বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওই কর্মীর মতে, কোডিংয়ের চিরাচরিত পদ্ধতি দ্রুত বদলে যাচ্ছে। আগে নিজে হাতে কোড লেখা বা সমস্যার সমাধান খোঁজার যে আনন্দ ছিল, এখন তা অনেকটাই কমে গেছে। বর্তমানে কোড লেখার চেয়ে গিটহাব কপাইলটের মতো টুল কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেই দিকেই বেশি মনোযোগ দিতে হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেছেন, আগে লুপ বা লজিক নিজে লিখতেন, এখন কেবল প্রম্পট লিখতেই বেশি সময় ব্যয় হয়।
অফিসের এই নতুন নীতি তাঁকে এক ধরনের অস্তিত্বের সংকটে ফেলেছে। তবে এই হতাশা সত্ত্বেও তিনি হাল ছাড়তে নারাজ। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। তাঁর বিশ্বাস, এআই এজেন্ট পাইপলাইন উন্নত করার মতো নতুন দক্ষতা অর্জন করতে পারলে আগামী কয়েক বছর এই পেশায় টিকে থাকা সম্ভব। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই এখন ডেভেলপারদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।