অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই তিলক ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বড় সংগ্রহ ভারত ‘এ’-র

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত ‘এ’। মাত্র ৪২ রানের মধ্যে অভিষেক শর্মা, আয়ুষ বডোনি এবং বৈভব সূর্যবংশী সাজঘরে ফিরে যান। অভিষেক ৯ রান এবং বৈভব ২৬ রান করে আউট হন। দ্রুত তিন উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন হাল ধরেন অধিনায়ক তিলক ভার্মা এবং কুমার কুশাগ্রা।
ইনিংসের শুরুতে মাত্র ১ রানে জীবনদান পান তিলক ভার্মা। শুরুতে কিছুটা ধীরস্থির থাকলেও পরিস্থিতি বুঝে ধীরে ধীরে রানের গতি বাড়ান তিনি। ৭৭ বলে অর্ধশতক পূর্ণ করার পর আক্রমণাত্মক হয়ে ওঠেন তিলক। শেষ পর্যন্ত ১০৭ বলে নিজের সপ্তম লিস্ট ‘এ’ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০৭ রান করেই শেষ পর্যন্ত আউট হন এই ব্যাটার।
তিলকের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেন কুমার কুশাগ্রাও। তিনি মাত্র ৯৩ বলে শতক পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ১০২ বলে ১১৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। তিলক ও কুশাগ্রার এই বড় জুটি শুরুর ধাক্কা সামলে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দল ৩৩২ রানের বড় সংগ্রহ গড়ে তোলে।