দুর্যোগের জেরে ম্লান চন্দননগরের জগদ্ধাত্রী উৎসব, একাদশীতেও মণ্ডপে প্রতিমা

ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টির প্রভাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর চেনা ছবি সম্পূর্ণ বদলে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎসবের জৌলুস অনেকটাই ম্লান। প্রতি বছর দশমীর সন্ধ্যায় যে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোকসজ্জা দেখার জন্য জনসমুদ্র তৈরি হয়, এবছর দুর্যোগের জেরে তা পিছিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ বারোয়ারি পুজোর ঘট বিসর্জন দেওয়া হলেও, মণ্ডপে এখনও দেবী জগদ্ধাত্রী বিরাজ করছেন।
প্রতিমা বের করার সুবিধার্থে নবমীর রাতেই মণ্ডপের একাংশ খুলে ফেলা হয়েছে। রাস্তার ধারের পুজো মণ্ডপগুলোর সামনের অংশও খুলে ফেলা হয়েছে। সরকারি উদ্যোগে চন্দননগর স্ট্যান্ড রোডকে বিশেষ আলোকসজ্জা ও মনীষীদের কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল, যা উৎসবের শুরু থেকেই দর্শনার্থীদের নজর কেড়েছিল। তবে দুর্যোগের কারণে সেই স্ট্যান্ড রোড এখন জনশূন্য। বৃষ্টির জেরে রাস্তাঘাট ফাঁকা এবং দর্শনার্থীদের সেই চেনা ভিড়ও নেই।
চন্দননগরের বাসিন্দারা আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। শোভাযাত্রা পিছিয়ে যাওয়ায় বিসর্জনের আনন্দ বিলম্বিত হলেও, মায়ের সান্নিধ্য আরও দুদিন পাওয়াকে বাড়তি পাওনা হিসেবেই দেখছেন স্থানীয়রা। আলোর শহর চন্দননগরে এবছর উৎসবের আমেজ থাকলেও প্রকৃতির রুদ্ররূপে তা অনেকটাই ম্লান হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতোই সাড়ম্বরে শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন পুজো উদ্যোক্তারা।