আইপিএলে অতীত ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার জুটি

আইপিএলের অন্যতম জনপ্রিয় ওপেনিং জুটি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা আর একসঙ্গে দেখা যাবে না। ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটার ট্র্যাভিস হেড। সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেওয়ার পর এই বিচ্ছেদ নিশ্চিত হয়েছে। প্রাক্তন সতীর্থের এই সিদ্ধান্তে আবেগপ্রবণ অভিষেক শর্মা সমাজমাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে হেড এবং অভিষেক জুটি আইপিএলের ৪২টি ইনিংসে ৪৬.১৪ গড়ে মোট ১৮৯২ রান সংগ্রহ করেছেন। এই জুটির ঝুলিতে রয়েছে ছয়টি শতরান এবং নয়টি অর্ধশতরানের পার্টনারশিপ। আইপিএলে অন্তত ১০০০ রান করা ওপেনিং জুটিগুলোর মধ্যে ওভার প্রতি ১২.৪৬ রান তুলে তারা তালিকার শীর্ষে রয়েছেন। শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পর হায়দরাবাদের দ্বিতীয় সফল ওপেনিং জুটি হিসেবে তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন।
আইপিএল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে হেড জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি, পরিবারের সময় দেওয়া এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। হায়দরাবাদের হয়ে ৪৩টি ম্যাচে ১৩৫১ রান করেছেন তিনি, যার গড় ৩২.৯৫ এবং স্ট্রাইক রেট ১৭৬.১৪। সানরাইজার্স হায়দরাবাদে কাটানো সময়কে নিজের জীবনের দুর্দান্ত স্মৃতি হিসেবে উল্লেখ করে তিনি দলের সকল অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।