সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার পুনর্তদন্তের নির্দেশ, অভিযুক্তদের গ্রেপ্তারের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুরনো ফাইল পুনরায় খুলে প্রত্যেক অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এই নির্দেশের পর প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ৬ অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙায়। ত্রাণ বিতরণের সময় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর একদল দুষ্কৃতী হামলা চালায়। হামলায় সাংসদের চোয়ালের হাড় ভেঙে গিয়েছিল। অভিযোগ, তৎকালীন প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে গিয়েছিল এবং দুর্বল চার্জশিট জমা দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের মঞ্চ থেকে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন যে, অপরাধী যে দলেরই হোক না কেন, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। এই নির্দেশের ফলে কেবল সরাসরি হামলায় জড়িতরাই নয়, বরং নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের নামও নতুন করে চার্জশিটে উঠে আসতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। নবান্নের এই কড়া অবস্থানের পর উত্তরবঙ্গ জুড়ে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।