নিজের লোকসভা কেন্দ্রে ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ

নিজের লোকসভা কেন্দ্রে ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ

নদিয়ার কালীগঞ্জ ব্লকে একটি প্রকল্পের উদ্বোধন করতে যাওয়ার পথে ফের বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার গোবরা পঞ্চায়েত এলাকায় যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং কালো পতাকা দেখানো হয়। এই ঘটনার জন্য স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দায়ী করেছেন সাংসদ। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীদের সরানোর পরিবর্তে পুলিশ তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়।

ঘটনার সময় ফেসবুক লাইভে এসে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগ করেন, পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা তাঁর গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে এবং ডিম ছোড়ে। সাংসদের দাবি, হামলার আশঙ্কার কথা আগেভাগে পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। এই ঘটনাকে তিনি আদালত অবমাননার জ্বলন্ত উদাহরণ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে, বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই ঘটনাকে সাধারণ মানুষের ‘স্বতঃস্ফূর্ত প্রতিরোধ’ বলে দাবি করা হয়েছে। বিজেপির দাবি, অতীতে হিন্দু দেব-দেবীদের নিয়ে করা মন্তব্যের জেরেই এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার নিজের লোকসভা এলাকায় বিক্ষোভের মুখে পড়েছেন মহুয়া মৈত্র। নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি অতীতেও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *