প্যাকেটে ‘প্রোটিন’ লেখা থাকলেই স্বাস্থ্যকর নয়, স্ন্যাকস কেনার আগে যাচাই করুন এই বিষয়গুলি

বাজারে পাওয়া বিভিন্ন স্ন্যাকসের প্যাকেটে ‘প্রোটিন’ লেখা থাকলেই তা স্বাস্থ্যকর হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অনেক সময় সামান্য প্রোটিন মিশিয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হয়, যার ভেতরে প্রচুর পরিমাণে চিনি, নুন ও ক্ষতিকর ফ্যাট থাকে। তাই যেকোনো স্ন্যাকস কেনার আগে প্যাকেটের পিছনের নিউট্রিশন লেবেল বা পুষ্টির তালিকা যাচাই করা অত্যন্ত জরুরি।
প্রথমেই দেখুন প্রতি ১০০ গ্রামে প্রোটিনের পরিমাণ কত। ১০ গ্রামের কম প্রোটিন থাকলে সেটিকে হাই প্রোটিন বলা যায় না, অন্তত ১৫-২০ গ্রাম প্রোটিন থাকলে তবেই তা ভালো। পাশাপাশি চিনির পরিমাণ খেয়াল করুন, যা ৫ গ্রামের কম থাকাই শ্রেয়। উপকরণের তালিকায় যদি চিনি, গ্লুকোজ সিরাপ, পাম অয়েল বা ময়দা প্রথম দিকে থাকে, তবে সেই খাবার এড়িয়ে চলাই ভালো। প্রোটিনের উৎস হিসেবে হোয়ে, পি বা সোয়া প্রোটিন ভালো হলেও কোলাজেন বা জিলেটিন থাকলে তার গুণমান কম হয়।
এছাড়া ফাইবার ও ফ্যাটের দিকেও নজর দেওয়া প্রয়োজন। খাবারে ৩-৫ গ্রাম ফাইবার থাকা ভালো এবং স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাটের পরিমাণ যত কম থাকে ততই শরীরের জন্য মঙ্গলজনক। সবশেষে ক্যালোরির দিকে খেয়াল রাখুন। একটি ছোট বারে ৩০০-৪০০ ক্যালোরি থাকলে তা স্ন্যাকস না হয়ে একটি পূর্ণ মিলের সমান হয়ে যায়। তাই প্যাকেটের সামনের বড় বিজ্ঞাপনের চেয়ে পিছনের ছোট লেখাগুলোই আসল সত্য তুলে ধরে।