কলা দ্রুত পেকে বাদামি হয়ে যাচ্ছে? সতেজ রাখতে মেনে চলুন এই সহজ কৌশল

বাড়িতে কলা কিনে আনার দু-এক দিনের মধ্যেই অনেক সময় খোসার রং বদলে যায় এবং কলা দ্রুত নরম হয়ে বাদামি দাগ পড়ে যায়। কলার গোড়ার দিক থেকে নির্গত ইথিলিন গ্যাস এই পাকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই সমস্যা কমাতে রান্নাঘরে থাকা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা যেতে পারে। ফয়েলের একটি ছোট টুকরো নিয়ে কলার গোড়ার অংশটি ভালোভাবে মুড়ে দিলে ইথিলিনের প্রভাব কমে এবং কলা দীর্ঘক্ষণ সতেজ থাকে। ভালো ফল পেতে প্রতিটি কলা আলাদা করে নিয়ে গোড়া পৃথকভাবে মুড়ে রাখা যেতে পারে।
ফয়েল দিয়ে মোড়ার পর কলা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন, তবে সরাসরি রোদ পড়ে এমন জায়গায় রাখা উচিত নয়। এছাড়া আপেল বা অ্যাভোকাডোর মতো ফল থেকেও ইথিলিন গ্যাস নির্গত হয়, তাই এই জাতীয় ফলের থেকে কলা দূরে রাখা প্রয়োজন। কলা দীর্ঘদিন ভালো রাখতে একসঙ্গে অনেক না কিনে প্রয়োজন অনুযায়ী কেনাই শ্রেয়। একটু কাঁচা বা সবুজ ভাব রয়েছে এমন কলা কিনলে তা পাকতে বেশি সময় নেয়।
কলা ঝুলিয়ে রাখলে একটির সঙ্গে অন্যটির ঘষা লেগে থেঁতলে যাওয়ার আশঙ্কা কমে। কলা পছন্দমতো পেকে গেলে ফ্রিজে রাখতে পারেন, এতে খোসা কালচে হলেও ভিতরের শাঁস আরও কয়েক দিন ভালো থাকে। এছাড়া বেশি পেকে নরম হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে কেক বা স্মুদি তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে। সামান্য সচেতনতা ও এই সহজ নিয়মগুলো মেনে চললে কলা দ্রুত নষ্ট হওয়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব।