ঘাড়ের কালো দাগ কি কোনো রোগের লক্ষণ? জেনে নিন কারণ ও প্রতিকার

অনেকেই মুখের ত্বকের যত্ন নিলেও ঘাড়ের কালচে দাগ নিয়ে চিন্তিত থাকেন। পার্লারে গিয়ে ব্লিচিং বা ফেসিয়াল করেও অনেক সময় এই জেদি দাগ দূর করা সম্ভব হয় না। ত্বক বিশেষজ্ঞদের মতে, ঘাড়ের এই কালচে ভাব কেবল বাহ্যিক ময়লা নয়, বরং শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিত হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে ‘ক্যান্থোসিস নিগ্রিক্যান্স’ বলা হয়। মূলত শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বা মেটাবলিক সিনড্রোমের কারণে ত্বকের কোষ দ্রুত বিভাজিত হয় এবং মেলানিনের মাত্রা বেড়ে গিয়ে ত্বক কালো হয়ে যায়।
এই সমস্যার পেছনে ইনসুলিন রেজিস্ট্যান্স ছাড়াও পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (PCOS), থাইরয়েডের সমস্যা এবং অতিরিক্ত ওজনের মতো কারণগুলো দায়ী থাকতে পারে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মি, ঘাড়ে সানস্ক্রিন ব্যবহার না করা, অতিরিক্ত ঘাম এবং সিন্থেটিক পোশাক পরার কারণেও ঘাড়ের ত্বক কালচে হতে পারে। নিয়মিত পরিচ্ছন্নতার অভাব এবং ঘাড়ের ভাঁজে ময়লা জমেও এই সমস্যা প্রকট আকার ধারণ করে।
এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে কেবল প্রসাধনী ব্যবহার যথেষ্ট নয়, বরং মূল কারণ নিরাময় করা জরুরি। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে অতিরিক্ত মিষ্টি, প্রক্রিয়াজাত খাবার ও ফাস্টফুড বর্জন করা প্রয়োজন। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং সুষম খাবার গ্রহণ করা উচিত। যদি এই কালচে দাগের সাথে অতিরিক্ত ক্লান্তি বা হরমোনাল কোনো জটিলতা অনুভূত হয়, তবে দেরি না করে অবিলম্বে একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। শরীরের ছোটখাটো পরিবর্তনগুলোকে গুরুত্ব দিয়ে সচেতন থাকাই সুস্থ থাকার চাবিকাঠি।