অবিবাহিত ছেলের মৃত্যুতে ক্ষতিপূরণের পুরো টাকা পাবেন মা, জানাল হাইকোর্ট

২০২০ সালের ২৫ নভেম্বর একটি পথ দুর্ঘটনায় ৩১ বছর বয়সি মোহিত নামে এক যুবকের মৃত্যু হয়। খোদরি গ্রামের কাছে একটি দ্রুতগতির গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্কা মারলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। এই ঘটনায় মৃতের পরিবার মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইব্যুনালে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে মামলা দায়ের করেছিল। ট্রাইব্যুনাল পরিবারকে ১৭ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও, ক্ষতিপূরণের অঙ্ক ও নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা।
বিচারপতি সুশীল কুকরেজার একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট জানিয়েছে, অবিবাহিত মৃত ছেলের উপার্জনের ওপর বাবা বা বোনদের নির্ভরশীল বলে ধরে নেওয়া যায় না। সাধারণত বাবার নিজস্ব আয়ের উৎস থাকে এবং ভাই-বোনেরা নিজেরা উপার্জন করেন অথবা বাবার ওপর নির্ভরশীল থাকেন। তাই বিশেষ প্রমাণ ছাড়া তাঁদের মৃতের আয়ের ওপর নির্ভরশীল হিসেবে গণ্য করা সম্ভব নয়। একমাত্র মা-কেই মৃতের উপার্জনের ওপর নির্ভরশীল হিসেবে বিবেচনা করা হবে বলে আদালত রায় দিয়েছে।
আদালত মোহিতের মাসিক আয় ৮,২৫০ টাকা হিসেবেই বহাল রেখেছে, কারণ তাঁর ১৫ হাজার টাকা আয়ের দাবির স্বপক্ষে কোনো নথি জমা পড়েনি। সমস্ত হিসাবের পর নির্ভরশীলতা বাবদ ক্ষতিপূরণের পরিমাণ ১১ লক্ষ ৮ হাজার ৮০০ টাকা এবং অন্যান্য খাতে ৭০ হাজার টাকা মিলিয়ে মোট ১১ লক্ষ ৭৮ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, এই পুরো টাকা একমাত্র মৃতের মা-ই পাবেন।