মলের তীব্র দুর্গন্ধ কি কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

মলত্যাগের সময় তীব্র দুর্গন্ধ হওয়া সবসময় স্বাভাবিক বিষয় নয়। চিকিৎসকদের মতে, যদি এই দুর্গন্ধ অসহ্য পর্যায়ে পৌঁছায় এবং দীর্ঘস্থায়ী হয়, তবে তা শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যার লক্ষণ হতে পারে। মূলত খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণেই এমনটা বেশি ঘটে। অতিরিক্ত প্রোটিনসমৃদ্ধ খাবার, রেড মিট, ডিম কিংবা পেঁয়াজ, রসুন ও ব্রকলির মতো সালফারযুক্ত খাবার পরিপাকতন্ত্রে গ্যাস তৈরি করে, যা মলের তীব্র গন্ধের অন্যতম কারণ। এছাড়া ল্যাকটোজ ইনটলারেন্স বা দুগ্ধজাত খাবার হজমে সমস্যা থাকলেও এমনটা হতে পারে।
অন্ত্রের সংক্রমণ বা ব্যাকটেরিয়াল ওভারগ্রোথও এই সমস্যার জন্য দায়ী। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে খাবার সঠিকভাবে হজম হয় না, ফলে পুষ্টি উপাদান শোষিত না হয়ে বর্জ্য হিসেবে বেরিয়ে আসে। এছাড়া দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক সেবনের ফলেও অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে এই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এই সমস্যা সমাধানে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি।
পর্যাপ্ত জল পান করা এবং খাদ্যতালিকায় ফাইবার বা আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়ানো অন্ত্রের সচলতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি প্রক্রিয়াজাত ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা প্রয়োজন। তবে যদি এই দুর্গন্ধের পাশাপাশি পেটে তীব্র ব্যথা, ওজন কমে যাওয়া বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজের শরীরের পরিবর্তনের দিকে নজর রাখা যেকোনো জটিলতা এড়াতে সহায়ক হতে পারে।