ডিম টাটকা কি না বুঝবেন কীভাবে? জেনে নিন পরীক্ষার সহজ উপায় ও সংরক্ষণের নিয়ম

বাঙালির খাদ্যতালিকায় ডিম অত্যন্ত জনপ্রিয় এবং প্রোটিনের অন্যতম উৎস। তবে বাজার থেকে কিনে আনা ডিম আদৌ টাটকা কি না, তা নিয়ে অনেক সময় সংশয় থাকে। ডিমের সতেজতা যাচাই করার সবচেয়ে সহজ উপায় হলো ‘ওয়াটার টেস্ট’। একটি গভীর পাত্রে জল ভরে তাতে ডিমটি ছেড়ে দিন। যদি ডিমটি জলের তলায় ডুবে থাকে, তবে সেটি টাটকা। ডিম জলের তলায় খাড়া হয়ে দাঁড়ালে বুঝতে হবে সেটি কিছুটা পুরনো। আর যদি ডিমটি জলের ওপর ভেসে ওঠে, তবে সেটি অনেক পুরনো হওয়ার সম্ভাবনা থাকে এবং এমন ডিম না খাওয়াই শ্রেয়।
ডিমের খোসা ছিদ্রযুক্ত হওয়ায় সময়ের সঙ্গে এর ভিতরের জলীয় অংশ বেরিয়ে যায় এবং বাতাসের পরিমাণ বাড়ে। ফলে ডিমের ঘনত্ব কমে গিয়ে সেটি জলে ভাসতে শুরু করে। ডিম কেনার সময় খোসায় কোনো ফাটল, নোংরা বা ছত্রাকের দাগ আছে কি না তা অবশ্যই দেখে নেওয়া উচিত। প্যাকেটজাত ডিমের ক্ষেত্রে প্যাকেজিংয়ের তারিখ ও ব্যবহারের শেষ সময় দেখে নেওয়া জরুরি। ভাঙা বা ফাটা ডিম বাড়িতে এনে সংরক্ষণ করা উচিত নয়।
ডিম ভাঙার পর যদি অস্বাভাবিক দুর্গন্ধ বের হয় বা রঙের পরিবর্তন দেখা যায়, তবে তা খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডিমের সতেজতা বজায় রাখতে সঠিক সংরক্ষণ পদ্ধতি মেনে চলা প্রয়োজন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই-এর পরামর্শ অনুযায়ী, ডিম ফ্রিজে রাখা ভালো। কেনার পর ডিম তার মূল কার্টনেই রাখা উচিত। ফ্রিজের দরজার পরিবর্তে ভিতরের তাকে ডিম রাখলে তাপমাত্রার ওঠানামা কম হয়, যা ডিম ভালো রাখতে সাহায্য করে।