সাড়ে ৫ লক্ষ টাকায় MBBS ও MD ডিগ্রি বিক্রির চক্র ফাঁস, গ্রেপ্তার ৪

সাড়ে ৫ লক্ষ টাকায় MBBS ও MD ডিগ্রি বিক্রির চক্র ফাঁস, গ্রেপ্তার ৪

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাল ডিগ্রি বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। ধৃতদের মধ্যে রামকিশোর মাহাওয়ারকে রাজস্থানের করাউলি থেকে, সত্যজিৎ পানিগ্রাহী ও মনীশ মানজিকে মুম্বই থেকে এবং খুররম তৌফিককে লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে রাজস্থান মেডিক্যাল কাউন্সিলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই চক্রের হদিস পায়।

তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মাত্র ৫.৫ লক্ষ টাকার বিনিময়ে MBBS ও MD-এর মতো জাল ডিগ্রি বিক্রি করত। চক্রের কাজের ধরণ ছিল সুসংগঠিত। সত্যজিৎ ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করতেন, মনীশ জাল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করতেন এবং চক্রের অন্য এক সদস্য সেই জাল নথিগুলি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করে দিতেন। এর ফলে ডিগ্রিগুলি যাচাইয়ের সময় আসল বলে মনে হতো।

পুলিশ ধৃতদের হেফাজত থেকে প্রচুর জাল নথি ও সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে এবং প্রতারণায় ব্যবহৃত অনলাইন অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এই ঘটনার তদন্ত চলাকালীন উত্তরপ্রদেশে আরও ৪১ জন ভুয়ো আয়ুর্বেদ চিকিৎসকের খোঁজ মিলেছে, যারা জাল শংসাপত্রের ভিত্তিতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ এই বিষয়টি নিয়েও তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *