ভারতের হয়ে অলিম্পিক পদক জয়ের স্বপ্ন দেখছেন লিয়েন্ডার পেজের কন্যা আয়ানা

লিয়েন্ডার পেজ ও রিয়া পিল্লাইয়ের কন্যা আয়ানা পেজ বর্তমানে ব্রিটেনের হয়ে টেনিস খেললেও, তাঁর লক্ষ্য ভারতের হয়ে অলিম্পিক পদক জয় করা। কলকাতায় একটি প্রতিযোগিতায় অংশ নিতে এসে আয়ানা জানান, কলকাতা তাঁর কাছে দ্বিতীয় বাড়ির মতো এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখা তাঁর কাছে বিশেষ আবেগের। লিয়েন্ডার পেজ জানিয়েছেন, ভারতে দ্বৈত নাগরিকত্বের সুযোগ না থাকায় আয়ানা আপাতত ব্রিটেনের পাসপোর্ট নিয়ে খেলছে, তবে ভবিষ্যতে সে ভারতের হয়েই প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদী।
পরিবারের ঐতিহ্য ও বাবা লিয়েন্ডার এবং ঠাকুরদা ভেস পেজের অলিম্পিক সাফল্যের চাপকে বোঝা মনে করেন না আয়ানা। বরং একে আশীর্বাদ হিসেবেই দেখছেন তিনি। লিয়েন্ডার জানান, আয়ানা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং পরিশ্রমী। ১৭ বছর বয়সে ঘর ছেড়ে স্পেনে প্রশিক্ষণ নেওয়া আয়ানা পড়াশোনা ও খেলাধুলা সমানতালে চালিয়ে যাচ্ছেন। লিয়েন্ডারের কথায়, আয়ানা তাঁর ডেভিস কাপের জার্সিও নিজের কাছে রেখে দিয়েছে, যা তাঁর দেশপ্রেমের পরিচয় দেয়।
আয়ানা জানান, টেনিসের টেকনিক্যাল খুঁটিনাটি থেকে মানসিক দৃঢ়তা—সব বিষয়েই তিনি বাবার কাছ থেকে নিয়মিত পরামর্শ পান। তবে তাঁর আদর্শ নোভাক জোকোভিচ। বর্তমানে স্পেনে প্রশিক্ষণরত আয়ানা ভবিষ্যতে কার্লোস আলকারাজ়ের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশের হয়ে অলিম্পিক পদক জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। সল্টলেকের বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনে আয়ানার খেলার সময় লিয়েন্ডারকে পাশে থেকে তাঁকে উৎসাহ দিতে ও ভুলত্রুটি শুধরে দিতে দেখা গেছে।