তিরুপতি মন্দিরে ২০০ কোটির ১২১ কেজি সোনা দান করলেন ব্যবসায়ী বর্ধমান জৈন

অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে ১২১ কেজি ওজনের সোনার অলঙ্কার দান করলেন ব্যবসায়ী বর্ধমান জৈন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তিনি ও তাঁর স্ত্রী এই বিপুল পরিমাণ সোনা উপহার দেন। দান করা অলঙ্কারের মধ্যে রয়েছে মুকুট, হার, বাহুবন্ধ ও কোমরের গয়না, যার মধ্যে বেশ কিছু হীরে খচিত। প্রায় তিন দশক আগে করা এক মানত পূরণের লক্ষ্যেই এই দান করেছেন বলে জানা গেছে।
স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও আউটসোর্সিং খাতের পরিচিত মুখ বর্ধমান জৈন ১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ‘ভিশন হেলথসোর্স’ প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর ব্যবসায়িক যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি ‘অ্যাক্সেস হেলথকেয়ার’ প্রতিষ্ঠা করেন, যা স্বাস্থ্যসেবা খাতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কাজ করে। ২০২৫ সালের জানুয়ারি মাসে ব্রিটেন-ভিত্তিক প্রাইভেট ইকুইটি ফার্ম ‘নিউ মাউন্টেন ক্যাপিটাল’ তাঁর এই কোম্পানিতে বড় অঙ্কের বিনিয়োগ করে।
চেন্নাইয়ের লোয়োল্লা কলেজ থেকে স্নাতক ও টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী বর্ধমান জৈন বর্তমানে ‘এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিং’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি স্বাস্থ্যসেবা প্রশাসন ও দাবি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। ডেল সার্ভিসেস-এর বিপিও কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন। তাঁর এই দান বর্তমানে বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।