পাকিস্তানের মহিলা ক্রিকেট দলে বড় রদবদল, কেন্দ্রীয় চুক্তিতে ছাঁটাই ১২ ক্রিকেটার

পাকিস্তানের মহিলা ক্রিকেট দলে বড় রদবদল, কেন্দ্রীয় চুক্তিতে ছাঁটাই ১২ ক্রিকেটার

পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের ধারাবাহিক ব্যর্থতার জেরে বড়সড় পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ২০ জন ক্রিকেটার থাকলেও, এবার সেই সংখ্যা কমিয়ে মাত্র আটজনে নামিয়ে আনা হয়েছে। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর এই নতুন চুক্তির তালিকা শুক্রবার প্রকাশ করেছে বোর্ড। পারফরম্যান্স এবং ফিটনেসকে গুরুত্ব দিয়েই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে পিসিবির তরফে জানানো হয়েছে।

নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অধিনায়ক ফতিমা সানা এবং বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন মুনিবা আলি সিদ্দিকি, নাশরা সান্ধু ও সিদরা আমিন। এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা এবং সাদাফ শামাস। গতবারের চুক্তিতে থাকা ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরি এবার পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এর ফলে ইমান ফতিমা ও শাওয়াল জুলফিকারের মতো তরুণ ক্রিকেটারদের পাশাপাশি আলিয়া রিয়াজ, ডায়না বেজ ও সিদরা নওয়াজের মতো অভিজ্ঞরাও চুক্তির বাইরে চলে গিয়েছেন।

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হতাশ পিসিবি নতুন হেড কোচ শেন ডেইৎজের অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে। আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে বর্তমানে পাকিস্তান পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তিনটি ওডিআই সিরিজের মধ্যে দুটিতেই হেরেছে পাক দল। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এই বড় রদবদল দলের অন্দরে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ফতিমা সানা ও সাদিয়া ইকবাল নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *