হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উচ্চ সতর্কতা জারি করল Cert-in

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উচ্চ সতর্কতা জারি করল Cert-in

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ফের নিরাপত্তা সতর্কতা জারি করল ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা Cert-in। ২৬ নভেম্বর প্রকাশিত এই সতর্কবার্তায় অ্যাপটির একাধিক নিরাপত্তা ত্রুটিকে ‘হাই সিকিউরিটি রিস্ক’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সতর্কতা অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক এবং উইন্ডোজ প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

সংস্থাটির মতে, এই নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, ডিভাইসে ক্ষতিকর কোড চালানো এবং অ্যাপের নিরাপত্তা ব্যবস্থাকে ধোঁকা দেওয়ার মতো কাজ করতে পারে। অ্যাটাচমেন্ট স্পুফিং, এসকিউএল ইনজেকশন এবং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি মেসেজ বা ইউআরএল ব্যবহার করে সাইবার অপরাধীরা এই আক্রমণ চালাতে সক্ষম। বিশেষ করে অ্যান্ড্রয়েড ২.২৬.৩৫.৭৪ ও ২.২৬.১৭.৪-এর আগের সংস্করণ, আইওএস ২.২৬.২৪.৭২ ও ২.২৬.১৫.৭২-এর আগের সংস্করণ এবং ম্যাক ও ডেস্কটপের ২.২৬.২৩.৭২-এর আগের সংস্করণগুলো এই ঝুঁকির আওতায় রয়েছে।

এই পরিস্থিতি থেকে বাঁচতে ব্যবহারকারীদের অবিলম্বে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি আপডেট করা জরুরি। পাশাপাশি, কম্পিউটারে ব্যবহারের ক্ষেত্রে উইন্ডোজ ও ম্যাকের লেটেস্ট আপডেট ইন্সটল করতে বলা হয়েছে। এছাড়া অচেনা নম্বর থেকে আসা কোনো লিঙ্ক, ফাইল বা সন্দেহজনক মেসেজ খোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *