স্বঘোষিত সাংবাদিকদের সুরক্ষা নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন সাত সাংবাদিক। এই ঘটনার প্রেক্ষিতে কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস সহ একাধিক সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। অভিযোগ, খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ভিডিও রেকর্ডিংয়ে বাধা দেওয়া হয় এবং জোর করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়।
শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানান, স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো একই ধরনের সুরক্ষা নাও পেতে পারেন। আদালত জানায়, সাংবাদিক কাকে বলা হবে তা নির্ধারণ করা জরুরি। প্রেস কাউন্সিলের অধীনে স্বীকৃত সংবাদমাধ্যম, রেজিস্টার্ড সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে সমাজমাধ্যমে ভিডিও তৈরি করা ব্যক্তিদের এক করে দেখা যায় কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রেও রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে বলে আদালত উল্লেখ করে।
এই সাত সাংবাদিকের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে দেখবে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না এবং পুলিশের বলপ্রয়োগের ঘটনাটি পরিস্থিতির তুলনায় অতিরিক্ত ছিল কি না। দিল্লি পুলিশের দাবি ছিল, রিল নির্মাতা বা কনটেন্ট ক্রিয়েটররা পেশাদার সাংবাদিকদের মতো সুরক্ষার দাবি করতে পারেন না। সাংবাদিকতার স্বাধীনতা ও আইনশৃঙ্খলা রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিও আদালত গুরুত্ব দিয়ে দেখছে।