ভারতে লঞ্চ হলো ভিভো ওয়াচ জিটি ২, থাকছে ২৫ দিনের ব্যাটারি ব্যাকআপ

ভিভো বাজারে নিয়ে এল তাদের নতুন স্মার্টওয়াচ ‘ভিভো ওয়াচ জিটি ২’। ১৪ হাজার ৯৯৯ টাকা মূল্যের এই স্মার্টওয়াচটি অবসিডিয়ান ব্ল্যাক এবং স্টেলার হোয়াইট—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভোর নিজস্ব ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে এটি কিনতে পারবেন।
স্মার্টওয়াচটিতে রয়েছে ২.০৭ ইঞ্চির ২.৫ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৩২ x ৫১৪ পিক্সেল। ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৪০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ এই ঘড়ির বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ডিভাইসটি ব্লু ওএস ৩.০ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ১.৮ মিলিমিটারের সরু বেজেল ব্যবহার করা হয়েছে।
স্বাস্থ্য সচেতনদের জন্য এতে হার্ট রেট ও ব্লাড অক্সিজেন সেন্সরসহ ১০০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এছাড়া অ্যাক্সেলেরেশন, গাইরোস্কোপ, জিওমেটিক, অ্যাম্বিয়েন্ট লাইট এবং হল সেন্সর যুক্ত করা হয়েছে। ২এটিএম জল প্রতিরোধী এই ঘড়িতে ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস এবং এসওএস অ্যাসিস্ট্যান্টের মতো জরুরি ফিচার রয়েছে।
ভিভোর দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্মার্টওয়াচটি ২৫ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। ব্যাটারি লাইফ এবং উন্নত স্পেসিফিকেশনের কারণে স্মার্টওয়াচটি বাজারে বেশ প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে বলে মনে করা হচ্ছে।