আসানসোলে পুলিশের ওপর গুলি চালিয়ে চম্পট অভিযুক্তের, এলাকায় চাঞ্চল্য

আসানসোলের ইসমাইল এলাকার গুরুনানক পল্লীতে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত প্রতাপ দাসের বাড়িতে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল।
বিকেল সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ পুলিশ বাহিনী অভিযুক্তের বাড়িতে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতাপ তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এই আকস্মিক ঘটনায় পুলিশকর্মীরা বিপদের মুখে পড়লেও কেউ হতাহত হননি। সুযোগ বুঝে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে পুলিশের অভিযান ব্যর্থ হয়।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে এবং তাকে দ্রুত গ্রেফতার করা হবে। অন্যদিকে, অভিযুক্তের স্ত্রীর দাবি, পুলিশ বিনা অভিযোগে তার স্বামীকে বারবার হেনস্তা করছে। পুলিশের ভয়েই তিনি পালিয়ে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি।