উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন সপা ও কংগ্রেসের মধ্যে

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। জোটের জট কাটাতে অখিলেশ যাদব আসন সংখ্যার চেয়ে জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার বার্তা দিলেও, দুই দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। কংগ্রেস প্রথমে ১২০-১৩০টি আসনের দাবি জানালেও, সমাজবাদী পার্টি তাদের মাত্র ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যেই সাহারানপুর জেলার দুটি আসন-সহ মোট পাঁচটি আসনে সপা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করায় কংগ্রেসের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কংগ্রেস নেতা ইমরান মাসুদ এই একতরফা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, জোটের আলোচনা শেষ হওয়ার আগেই কেন সপা প্রার্থী ঘোষণা করল। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ বিজেপিকে সুবিধা করে দেবে। জোটের এই টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কেন্দ্র আমেঠি ও রায়বরেলি। কংগ্রেস এই দুই কেন্দ্রের অধীনে থাকা বিধানসভা আসনগুলোতে লড়তে আগ্রহী হলেও, সমাজবাদী পার্টি তাতে রাজি নয়।
সমাজবাদী পার্টির দাবি, গত বিধানসভা নির্বাচনে আমেঠির চারটি আসনের মধ্যে দুটি এবং রায়বরেলির ছয়টির মধ্যে চারটি আসনে তারা জয়ী হয়েছিল। সেই নিরিখে ওই এলাকাগুলোতে তাদের প্রভাব বেশি। যদিও সপা’র ছয়জন বিধায়কের মধ্যে দু’জন সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন, তবুও কংগ্রেসের দাবি মেনে আসন ছাড়তে নারাজ অখিলেশ যাদবের দল। এই পরিস্থিতিতে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে তৈরি হওয়া জটিলতা জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।