WBPSC ক্লার্কশিপ পার্ট ১ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, জেনে নিন অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ১-এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে এই পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের মোট ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা আয়োজিত হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর দু’টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২.৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে। এছাড়া ২৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আরও একটি পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীরা আগামী ১৪ ডিসেম্বর থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কমিশন স্পষ্ট জানিয়েছে যে, দপ্তর থেকে কোনো ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা থাকবে না। তাই পরীক্ষার্থীদের অনলাইনেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।